সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ঘরোয়া উপকরণেই উজ্জ্বল করুণ আপনার ত্বক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন গোমস্তাপুর প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার ৯৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি এবার ৫৩ বিজিবির উদ্যোগ : সীমান্ত এলাকার ৩৫ বেকার যুবককে কারিগরি প্রশিক্ষণ বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা : মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ : পর্যালোচনা সভায় নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বার্সার অধিনায়ক হলেন রাফিনহা মাঝমাঠে দ্যুতি ছড়ালেন সামিত সোম
Printed on: September 07, 2026
September 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন গোমস্তাপুর

Published: September 06, 2026 at 02:30 PM
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র চূড়ান্ত খেলা রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় সদর ও গোমস্তাপুর উপজেলা দল। 

টানটান উত্তেজনা আর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে গোমস্তাপুর উপজেলা দল। 

হাজার হাজার দর্শক উভয় দলের এই খেলা উপভোগ করেন। গ্যালারি ছাপিয়ে অনেক দর্শক মাঠের ভেতর ঢুকে পড়ে। তাদের সামাল দিতে হিমশিম খান স্বেচ্ছসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে। এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। 

এসময় বিএনপির জেলা আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মো. তৌফিকুল ইসলাম তোফা, সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন গোমস্তাপুর উপজেলা দলকে ট্রফির পাশাপাশি ৭৫ হাজার টাকা এবং রানার্সআপ সদর উপজেলা দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আরিয়ান। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ওমর আলী ও শ্রী প্রলয়। দুজনই টুর্নামেন্টে ৫টি করে গোল করেছেন। আর ১৬ নম্বর জার্সিধারী নাসির নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। 

আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

টুর্নামেন্টে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করে। 

গত ২১ আগস্ট এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।