চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ৫৯ বিজিবির পর এবার ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
রবিবার জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মাসব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কাজী মুস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণে তিনি জানান, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং কোর্সে প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন করেছে। প্রশিক্ষণে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
কাজী মুস্তাফিজুর রহমান আরো বলেন— সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবসমাজ প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। ফলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ৫৯ বিজিবি জেলার শিবগঞ্জ উপজেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছিল।