চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছেন স্বামী। গত শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার নয়ালাভা ইউনিয়নের রশিকনগর বাবুপুর গ্রামের মফিজুল হক (৭৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মনোয়ারা বেগম ও তার স্বামী মফিজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে মনোয়ার বেগমের স্বামী মফিজুল হক কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো হাঁসুয়া দিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। পরবর্তীতে মনোয়ারা বেগমের স্বামী মফিজুল হক ফ্যান ঝুলানোর হুকের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
ওয়াসিম ফিরোজ জানান, মফিজুলের ছেলের স্ত্রী শাপলা বেগম দাওয়াত খাওয়া শেষে বাড়িতে এসে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখতে পান তার শাশুড়ি মনোয়ারা বেগম ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান তার শ্বশুর মফিজুল ঘরের ভেতরে ফ্যান ঝুলানো হুকের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এবং শাশুড়ি মনোয়ারা বেগম মারা গেছেন। খবর পেয়ে নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে গতকাল শনিবার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, মনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় তার মেয়ের স্বামী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া মফিজুল হকের আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।