রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 25, 2026
September 03, 2026
জাতীয়
জাতীয়

তরুণদের উদ্যোক্তা হতে অর্থ জোগাবে বাংলাদেশ ব্যাংক

Published: September 03, 2026 at 01:49 PM
তরুণদের উদ্যোক্তা হতে অর্থ জোগাবে বাংলাদেশ ব্যাংক

দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (ইউডিওজি) : উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, নির্বাচিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের বিভিন্ন উপজেলার সম্ভাবনাময় তরুণদের ব্যবসায়িক ধারণা যাচাই করে তাদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ কর্মসূচি কোনো প্রতিযোগিতা নয়। তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উপজেলা পর্যায়ে স্বতঃপ্রণোদিতভাবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। পরে তাদের ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করবে।


২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা তার প্রকৃত প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার একটি অর্থায়ন প্যাকেজ পাবেন। এর অর্ধেক হবে ব্যাংক ঋণ ও বাকি অর্ধেক অনুদান। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণের ক্ষেত্রে কোনো সহায়ক জামানতের প্রয়োজন হবে না। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটি সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। এ ক্ষেত্রে ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণীকৃত হবে এবং ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হয়ে ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।


আবেদনের যোগ্যতা

বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক, যার বয়স আবেদনের শেষ তারিখে ২৮ বছরের বেশি নয় এবং যিনি সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা, তিনি এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। একটি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ উদ্যোগ এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে। আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। সংশ্লিষ্ট উপজেলার যে কোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনাসংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার জারির পরবর্তী এক মাস আবেদন দাখিলের জন্য উন্মুক্ত থাকবে। সংশ্লিষ্ট উপজেলার যে কোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করা যাবে।


প্রথম পর্যায়ে ৬৪ উপজেলায় কর্মসূচি

প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের আটটি জেলার ৬৪টি উপজেলায় ‘উদ্যোগ’ কর্মসূচি শুরু হবে। জেলাগুলো হলো— মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা প্রথম পর্যায়ে নির্বাচিত হবেন।

পরবর্তীতে ধারাবাহিকভাবে দেশের অন্যান্য জেলার উপজেলাগুলোতেও কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে। এর আওতায় প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।


শুধু অর্থায়ন নয়, প্রশিক্ষণ ও পরামর্শও

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির পরিধি শুধু অর্থায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ পরামর্শকের ধারাবাহিক পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সহায়তা দেওয়া হবে।

এছাড়া উদ্যোক্তাদের বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগও দেওয়া হবে। এর ফলে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করার পাশাপাশি ব্যবসা পরিচালনা, পরিকল্পনা প্রণয়ন, নিবন্ধন ও বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় সহায়তা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের আশা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। সেই বিবেচনায় ‘উদ্যোগ’ কর্মসূচি দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর বাসস।