চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্মিত সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো. হারুনুর রশীদ এই কর্মসূচির উদ্বোধন করেন।
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ঘর সংলগ্ন নতুন স্টেডিয়ামের পাশ দিয়ে দ্বিতীয় মহানন্দা সেতু পর্যন্ত নির্মিত সড়কের মধ্যভাগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাসযোগ্য সবুজ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন— রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সদস্য মানিক রায়হান ও মো. মেহেদী হাসানসহ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি মো. হারুনুর রশীদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অন্যতম লক্ষ্য হলো মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে।
হারুনুর রশীদ বলেন, রেড ক্রিসেন্টের এ কর্মসূচির মাধ্যমে একদিকে নবনির্মিত সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা হবে।