মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 19, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

Published: August 19, 2026 at 02:38 PM
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র  মধ্যে ৫ হাজার কোটি টাকার  চুক্তি স্বাক্ষর
  • ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ প্রণোদনা তহবিল


দেশের লক্ষিত মাইক্রোএন্টারপ্রাইজসমূহে বর্ধিত অর্থায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করে টেকসই কর্মসংস্থান সৃষ্টি ত্বরান্বিত করার জন্য বুধবার বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ঢাকার বাংলাদেশ ব্যাংক ভবনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ও আনিছুর রহমান এবং এসএমই অ্যান্ড এসপিডি পরিচালক নওশাদ মোস্তাফা, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম ও সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান।

গত ২৩ মে দেশের কর্মসংস্থান বেগবান করার লক্ষে পিকেএসএফ’র মাধ্যমে বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার এ বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে। এ তহবিল ব্যবহার করে দেশব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পিকেএসএফ। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো লক্ষিত মাইক্রোএন্টারপ্রাইজসমূহে বর্ধিত অর্থায়ন নিশ্চিতকরণের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে মাইক্রোএন্টারপ্রাইজ খাতে কর্মংস্থান সৃষ্টি করা। এ লক্ষে কর্মসূচিটি মূলত তিনটি মূল উপাদানের- আর্থিক পরিষেবা প্রদান, ব্যবসাগুচ্ছভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, সমন্বয়ে বাস্তবায়িত হবে।

মাইক্রোএন্টারপ্রাইজ খাতে ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির জন্য পিকেএসএফ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা সম্ভাবনাময় ব্যবসাগুচ্ছসমূহের বিকাশে কাজ করবে। মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও প্রাপ্ত অর্থের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল (রিফলবিং ফাণ্ড) হিসেবে পরিচালিত হবে। এর ফলে অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে, যা দেশের মাইক্রোএন্টারপ্রাইজ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।