শুক্রবার ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 10, 2026
July 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ত্রিপুরায় বন্যায় গৃহহীন ১১ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত ৪ হাজার ঘরবাড়ি

Published: July 10, 2026 at 01:08 PM
ত্রিপুরায় বন্যায় গৃহহীন ১১ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত ৪ হাজার ঘরবাড়ি

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে ভারতের ত্রিপুরা রাজ্যের তিনটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে| এতে প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন| রাজ্য কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও ৪ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| শুক্রবার বিকালে বৃষ্টিপাত কমে আসায় এবং মনু নদীর পানি হ্রাস পেতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে| তবে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) রাজ্যের বেশ কয়েকটি এলাকায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে| রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এসডিএমএ) প্রজেক্ট ডিরেক্টর সনৎ কুমার দাস জানিয়েছেন, উনকোটি জেলার ৬ হাজার ৬৮ জন মানুষকে ৩৫টি ত্রাণ শিবিরে জায়গা দেওয়া হয়েছে| তিনি বলেন, নদীর পানি কমে আসায় শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে| অন্যদিকে পার্শ্ববর্তী ধলাই ও খোয়াই জেলায় আরও ৪ হাজার ৯০৯ জন বন্যাদুর্গত মানুষ ত্রাণ শিবিরে অবস্থান করছেন| সনৎ কুমার দাস আরও বলেন, বুধ ও বৃহস্পতিবারের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন| এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ৪ হাজার ২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে|

সূত্র: ইন্ডিয়া টুডে