গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে| এর প্রভাবে ফিলিপাইনে ভূমিধসে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন| আর তাইওয়ানে সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে| আজ শনিবার টাইফুন বাভি তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল, পাশাপাশি জাপানের দক্ষিণ-পশ্চিমের দূরবর্তী দ্বীপগুলোতে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে| এরপর এটি চীনে আছড়ে পড়তে পারে| চলতি সপ্তাহে প্রাণঘাতী ঝড়ে চীন ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে| তাইওয়ানের কিলুং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে|
পুলিশ জানায়, বাভির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে| নিখোঁজ রয়েছেন আরও ছয়জন| তাইওয়ানের বন্দরনগরী কিলুংকে দ্বীপটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার একটি হিসেবে ধরা হচ্ছে| সেখানে বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত করেছেন| জানালায় টেপ লাগিয়েছেন| দোকানের সামনে বালুর বস্তা সাজিয়ে রেখেছেন| কর্তৃপক্ষের সতর্কবার্তা মেনে তারা আগাম প্রস্তুতি নিয়েছেন| সুপার টাইফুন হিসেবে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর প্রশান্ত মহাসাগর অতিক্রম করার সময় বাভির শক্তি কিছুটা কমে টাইফুনে পরিণত হয়| কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, শুক্রবার বাভির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার, দমকা হাওয়ার গতি ছিল ঘণ্টায় প্রায় ১৯৮ কিলোমিটার| বৃহস্পতিবারের তুলনায় এর গতি কিছুটা কমেছে| সিডব্লিউএর আবহাওয়াবিদ ওয়াং পিং-শিয়াং এএফপিকে বলেন, ‘পরিবেশগত পরিস্থিতি অনুকূলে না থাকায় টাইফুনটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে|’ তিনি বলেন, ‘তাইপে, নিউ তাইপে, কিলুং ও ইলান সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে| আর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মধ্য ও উত্তর তাইওয়ানের পার্বত্য এলাকায়|’ বাভির প্রবল বাতাসের বিস্তৃতি ৩৮০ কিলোমিটার | ফলে এটি ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন হতে যাচ্ছে|
শুক্রবার রাজধানী তাইপেসহ উত্তর ও পূর্ব তাইওয়ানের বহু স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে| বাতিল করা হয়েছে শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট| কিলুংয়ে বাসিন্দারা তাজা ফল ও সবজি কিনতে বাজারে ভিড় করেন| ভ্রাম্যমাণ বিক্রেতারা তাঁদের স্টল সুরক্ষিত করেন| একটি মন্দির কর্তৃপক্ষও ঝড়ের আগে বাইরে থাকা একটি মূর্তি ঢেকে বেঁধে রাখে| বাভির প্রভাবে কোথাও কোথাও এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে| এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে| তাইওয়ানের পূর্বাঞ্চলের পার্বত্য হুয়ালিয়েন কাউন্টিতে দুইটি প্রাকৃতিক বাঁধ পর্যবেক্ষণে রেখেছে কর্তৃপক্ষ| সেখানে বেশি ঝুঁকি থাকায় সহস্রাধিক মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে| তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বাভিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকার মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন| জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২০ সহস্রাধিক সেনাসদস্যের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম ও যানবাহন প্রস্তুত রাখা হয়েছে| জাপানের দূরবর্তী সাকাশিমা দ্বীপপুঞ্জের কয়েকটি এলাকায় টাইফুনের কারণে স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে| আবহাওয়াবিদরা উঁচু ঢেউ, ঝড়ো আবহাওয়া ও ভূমিধসের সতর্কতা দিয়েছেন| জাপানের দ্বীপপুঞ্জে আঘাত হেনে এবং তাইওয়ানের উত্তর প্রান্ত অতিক্রম করার পর সপ্তাহান্তে পূর্ব চীনে বাভির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে|