আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মের মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী| একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের মাসিক বেতন পরিশোধও নিশ্চিত করতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে|
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৫তম এবং ˆতরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশনা দেন|
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমমন্ত্রী|
সভায় শ্রমিক নেতারা জানান, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা আন্দোলনের আশঙ্কা থাকবে না| তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়েছে, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা| শ্রমিক প্রতিনিধিরা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করারও দাবি জানান|
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর| সড়কে যানজট কমাতে মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ের ভিত্তিতে ধাপে ধাপে কারখানায় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে| মন্ত্রী আরো জানান, বেতন-বোনাস পরিশোধ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে|
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদে শ্রমিকদের যাতায়াত সহজ করতে বিভিন্ন রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে|
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতিতে রাখা হয়েছে|
অনুষ্ঠানে ফজলে শামীম এহসান, আনোয়ার হোসাইনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|